দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি কাজে বিদেশ ভ্রমণ এবং কর্মকর্তা-কর্মচারীদের অফিশিয়াল ও সাধারণ পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।
সরকারি আদেশের (জিও) ভিত্তিতে সরকারি সফরে বিনা মূল্যে অফিশিয়াল পাসপোর্ট দেওয়ার বিধান রাখার পাশাপাশি নির্দিষ্ট শর্তে ব্যক্তিগত ভ্রমণের ক্ষেত্রেও পাসপোর্ট পাওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। বহিরাগমন-৪ শাখার উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত এই পরিপত্র জারির পর থেকেই কার্যকর করা হয়েছে। পূর্বে জারি করা এ সংক্রান্ত বিভিন্ন আদেশ ও নির্দেশনাসমূহ সংশোধন ও সমন্বয় করে এই নতুন পরিপত্র প্রকাশ করা হলো।
পরিপত্র অনুযায়ী, মন্ত্রণালয়ের রাজস্বখাতভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি জাতীয় সংসদ, সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (সিএজি), বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) এবং বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা সরকারি কাজে বিদেশে গেলে জিওর ভিত্তিতে বিনা ফি-তে অফিশিয়াল পাসপোর্ট পাবেন।
তবে ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের স্থায়ী কর্মকর্তারা ব্যক্তিগত সফরে যেতে চাইলে জিও অথবা অনাপত্তি সনদের (এনওসি) ভিত্তিতে নির্ধারিত ফি দিয়ে অফিশিয়াল পাসপোর্ট নিতে পারবেন।
অন্যদিকে, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্থানীয় সরকার এবং বিশেষ আইন বা অধ্যাদেশে গঠিত কমিশনের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা সরকারি কাজের জন্য বিনা ফি-তে অফিশিয়াল পাসপোর্ট পেলেও, ব্যক্তিগত কাজে ভ্রমণ করতে হলে তাদের নির্ধারিত ফি দিয়ে সাধারণ পাসপোর্ট নিতে হবে।
উন্নয়ন প্রকল্পের অস্থায়ী কর্মী ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিরা সরকারি কাজে বিনা ফিতে এবং ব্যক্তিগত কাজে নির্ধারিত ফি পরিশোধ করে সাধারণ পাসপোর্ট পাবেন। এ ছাড়া সরকারি সফরে যাওয়া কোনো বেসরকারি ব্যক্তি যুক্ত থাকলে তারাও জিওর ভিত্তিতে সাধারণ পাসপোর্টের জরুরি সেবা পাবেন।
অফিশিয়াল পাসপোর্টের সর্বোচ্চ মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১০ বছর। তবে কোনো কর্মকর্তার ক্ষেত্রে এই মেয়াদ এবং তার অবসরোত্তর ছুটি (পিআরএল) শেষ হওয়ার তারিখের মধ্যে যেটি আগে বা পরে প্রযোজ্য হবে, সেই অনুযায়ী মেয়াদ নির্ধারিত হবে। পিআরএল চলাকালে চাইলে কর্মকর্তা অফিশিয়াল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট নিতে পারবেন।
তবে ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য প্রাধিকার থাকা অবস্থায় কেবল অফিশিয়াল পাসপোর্ট ব্যবহার করা বাধ্যতামূলক। এই সময়ে সাধারণ পাসপোর্ট নিতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি লাগবে।
বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত নন-ডিপ্লোমেটিক কর্মকর্তা-কর্মচারীদের স্বামী/স্ত্রী এবং ২৫ বছর বা তার কম বয়সী সন্তানদের বিনা ফিতে পাঁচ বছর মেয়াদি অফিশিয়াল পাসপোর্ট দেওয়া হবে। এ ছাড়া ডিপ্লোমেটিক পদমর্যাদার কর্মকর্তাদের ‘ডোমেস্টিক এইড’-দের নিয়োগের সরকারি অনুমোদন সাপেক্ষে নির্ধারিত ফি দিয়ে পাঁচ বছর মেয়াদি অফিশিয়াল পাসপোর্ট দেওয়া হবে। মিশনে কর্মকাল শেষ হলে এই পাসপোর্ট জমা বা সমর্পণ করতে হবে।
জিও ও এনওসির সঠিকতা যাচাইয়ের জন্য প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে একজন ফোকাল পয়েন্ট ও একজন বিকল্প ফোকাল পয়েন্ট নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফোকাল পয়েন্টের পদবি, ফোন নম্বর ও ই-মেইলসহ বিস্তারিত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠাতে হবে। একই সঙ্গে ইস্যুকৃত সব জিও ও এনওসি সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
/অ